আগামী রোববার (৩ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হতে পারে। দেশটির সংসদে ৩৪২ আসনের মধ্যে ১৭২ ভোট নিয়ে বিরোধী দল সংখ্যাগরিষ্ঠতা পেলেই ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব বাতিল হবে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতির উদ্দেশে এক ভাষণ দেন ইমরান খান।
ভাষণে তিনি বলেন, আমি চাই তরুণরা আমার কথা মনোযোগ দিয়ে শুনুক। আমরা ভয় করি। আমরা টাকার পেছনে ঘুরি। আমরা পিঁপড়ার মতো কাজ করি। আমি পাকিস্তানের উত্থান-পতন দেখেছি। আমি যখন স্কুলে পড়তাম, তখন অন্যান্য দেশগুলোর কাছে পাকিস্তান ভালো উদাহরণ ছিল। দক্ষিণ কোরিয়াও এসেছে পাকিস্তানে। কিন্তু আমি এটার অবনতিও দেখেছি।
ইমরান খান বলেন, আমাদের বলা হয়েছিল, যদি আমরা আমেরিকাকে সমর্থন না করি, তাহলে তারা আহত ভালুকের মতো আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। ৯/১১ এটি আমাদের লড়াই ছিল না। আমেরিকার জন্য অনেক পাকিস্তানি প্রাণ উৎসর্গ করেছেন, কেউ কি আমাদের ধন্যবাদ দিয়েছে? কেউ কি শুকরিয়া বলেছে?
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি, আমাদের নীতি কারও বিরুদ্ধে হবে না। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ হলেই ভারতের সঙ্গে আমাদের বিরোধ শুরু হয়।
বিরোধীদের বিষয়ে ইমরান খান বলেন, ওরা বলে, আমি দেশকে ধ্বংস করেছি কিন্তু শাসন করেছি মাত্র তিন বছর। আমি চ্যালেঞ্জ করতে পারি যে এই বিগত সাড়ে তিন বছরে আমি যা করেছি, তা কখনো পাকিস্তান অর্জন করতে পারেনি।











