পিরোজপুরের সদর উপজেলা চাঁদার টাকা না পাওয়ায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জিহান ও প্রবাসী রাজু ফকিরের ঘর-বাড়ি ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩০ এপ্রিল) রাতে পিরোজপুর শহরের উত্তর শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জিহানের পিতা জানান, রাতে হঠাৎ করে ২০-৩০ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ভয়ে ঘরের দরজা আটকে রাখলেও তাদের ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে ঘরে থাকা তিনিসহ নারী ও শিশুদের জিম্মি করে টিভি, ফ্রিজ, আলমারি, আসবাবপত্র ভাঙচুর করে।
আলমারিতে থাকা ৫০-৬০ হাজার টাকা ও নারীদের গলায় থাকা স্বর্ণের চেইন ও আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা আরো চাঁদার টাকা দাবি করে জানান টাকা না দিলে পরবর্তীতে তাদের বাড়ি-ঘর আগুনে জ্বালিয়ে দেয়া হবে এবং তাদেরসহ তার ছেলে জিহানকে মেরে ফেলবে।
এদিকে একই বাড়ির ভেতরে থাকা প্রবাসী রাজু ফকিরের ভাই রনি ফকির জানান, সন্ত্রাসীরা হঠাৎ করে বাড়ির ভেতরে এসে ঘরের দরজা ভেঙে তার ভাবিকে মারধর করে এবং ভাবির গলায় থাকা স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়।












