আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মর্যাদা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গিয়েছেন, দেশ বিক্রি করতে নয়। শেখ হাসিনা নিজের জন্য বিদেশে যাননি। বিদেশে গেছেন বাংলাদেশের সাধারণ মানুষ আজকে যারা দ্রব্যমূল্য বৃদ্ধিতে কষ্ট পাচ্ছে, এই সাধারণ মানুষকে বাঁচাতে।
সোমবার (১ মে) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মানুষ শান্তিতে থাকলে বিএনপির মনে কষ্ট হয়। তারা হিংসার আগুনে জ্বলে। পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, ১০০ সেতুর জ্বালা, ১০০ রাস্তার জ্বালা তাদের। নির্বাচনে এলে দেখা যাবে কত ধানে কত চাল। সিটি নির্বাচনেও দেখবেন ঘোমটা পরা প্রার্থী। বাইরে দেখাবে তাদের প্রার্থী নেই, তলে তলে থাকবে তারেক জিয়ার প্রার্থী।
তিনি আরও বলেন, এই সফরের গুরুত্ব যারা বুঝে না তারাই এ সম্পর্কে কটাক্ষ করে। শেখ হাসিনা সবসময় চান বাংলাদেশ কখনো সংকটে না পড়ুক। এ দেশের মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ সফর করছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক নিজেই ভুল স্বীকার করে তারা নিজেরাই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।











