পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু ৭১’র পরাজিত শক্তি খুনি মোস্তাক-জিয়ারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির রাজনীতি শুরু করে।
সোমবার (১ মে) সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত “মুক্তির সংগ্রাম” ভাস্কর্যের উদ্ধোধন শেষে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আজকের নতুন প্রজন্মই আগামীদিনের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। এজন্য তাদের বিশ্বমানের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই নতুন প্রজন্মের সৌভাগ্য তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছে। তাই তাদেরকে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশ্নে কখনো আপোস করা যাবে না।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এখন স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে দেশ। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে যেতে চাই।
এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগের রাজনীতি সাধারণ ও গণমানুষের জন্য। গরিব-দুঃখী-মেহনতি মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করেন। তার হাত ধরেই বাংলাদেশে গরিব-মেহনতি মানুষের মুখে হাসি ফুটেছে। আর বেগম খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে ক্ষমতার জন্য। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের সম্পদ লুট করে, অর্থ পাচার করে। আর ক্ষমতায় না থাকলে পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা করে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সংকটে, যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকে। এ কারণেই জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন মাদার অব হিউম্যানিটি। তাই মানুষ হত্যাকারী ও দেশের সম্পদ লুটকারী বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনেও এদেশের জনগণ জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করবে।











