সরকার ও বিরোধী দলের কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, আমরা উভয় পক্ষ আসুন, কেউ কাউকে ব্যর্থ করতে চাইবো না। আমরা সবাই মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজেই আমি-আপনি ব্যর্থ হলে অন্যজনও ব্যর্থ। এটি মনে রাখতে হবে। আমরা যেকোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এই সংসদের কোন একজন সদস্য আমরা স্বয়নে-স্বপনে কেউ ব্যর্থ বাংলাদেশ দেখতে চাই না।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।
দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা গত দেড় মাস সংসদে অনেক গুরুত্বপূর্ণ বিল পাস করেছি। কিছু বিষয়ে একমত-দ্বিমত রয়েছে। তবে আমাদের দলের অবস্থান থেকে স্পষ্টভাবে বলতে চাই, যেসব বিষয়ে দ্বিমত আছে, সেসব নিয়ে আমরা বিরোধী দলের সঙ্গে বসে আলোচনা করবো এবং দেশের স্বার্থে সমাধান বের করবো। অতীতে সরকারকে ব্যর্থ করতে ১৭৩ দিনের হরতালসহ নানা নেতিবাচক কাজ করা হয়েছে, যার কুফল এখনো ভোগ করছে পুরো জাতি।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার প্রভাব তুলে ধরে তিনি বলেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধাবস্থার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এতে দেশের মানুষ কিছুদিন কষ্টের মধ্যে রয়েছে। বিরোধী দল সেদিন প্রস্তাব দিয়েছিল, আমরা একসঙ্গে বসে আলোচনা করে এই সমস্যার সমাধান খুঁজে বের করি। আমরা যৌথভাবে একটি কমিটি গঠন করেছি। সেই কমিটির মাধ্যমে আলোচনা করে কী সিদ্ধান্ত নেওয়া যায়, যাতে দেশের মানুষ স্বস্তি পায়, এটাই আমাদের লক্ষ্য। আমার বিশ্বাস, আজও আমরা উভয় পক্ষ একসঙ্গে বসে এই সমস্যার গ্রহণযোগ্য সমাধান বের করতে সক্ষম হবো।











