ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে তুলোধনা করলো দেশটির সুপ্রিম কোর্ট।
মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন আয়িশা রাঃ-কে নিয়ে কটূক্তি পর ভারতের বিভিন্ন রাজ্যে মামলা হয়েছে নূপুর শর্মার বিরুদ্ধে। সর্বত্রই হাজিরা দেওয়ার আগে তিনি তার কথিত প্রাণনাশের হুমকির কথা বলে প্রত্যেক থানায় চার সপ্তাহ সময় চেয়ে সমস্ত মামলা দিল্লিতে স্থানান্তর করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান।
আজ (শুক্রবার) ওই আবেদনের শুনানিতে নূপুর শর্মাকে কার্যত তুলোধনা করেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত।
তিনি বলেন, ‘আপনি অবিবেচকের মত কাজ করেছেন। আপনার মন্তব্যে উস্কানি ছিল। সেজন্য উদয়পুরের মত ঘটনা ঘটেছে। টিভিতে মন্তব্য করার পর আপনি অনেক দেরীতে ক্ষমা চান। দেশে যা অশান্তি হয়েছে সেজন্য আপনি দায়ী। আপনার নিরাপত্তা নিয়ে কোনও বিপদ নেই, বরং আপনিই নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে উঠেছেন। ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে যা খুশি বলা যায় না। ক্ষমতার দম্ভ আপনার মাথায় চড়ে গিয়েছে। গণতন্ত্রে বাক স্বাধীনতা রয়েছে। তার মানে এই নয় যে লাগামছাড়া মন্তব্য করবেন।’
এরই পাশাপাশি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যে যে রাজ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই বিষয়ে হাইকোর্টে আবেদন জানান। ওই ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। নূপুরের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করা হয় দিল্লি পুলিশের কাছে। কিন্তু পুলিশ কেন এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি সেই প্রশ্ন করেন বিচারপতি।
পার্সটুডে











