spot_img

তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণের প্রশ্ন এড়িয়ে গেল ভারত

দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আমন্ত্রণপত্রে তার পদবি উল্লেখ করা হয়েছে কি না, সে প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৩১ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে কিছু মন্তব্যে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তার পদবি “প্রধানমন্ত্রী” ব্যবহার করা হয়নি। তাকে “বিমসটেকের চেয়ার” হিসেবে সম্বোধন করা হয়েছে, যা তারা অপমানজনক বলে মনে করছে। এ বিষয়ে কি একটু স্পষ্ট করবেন, তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণটি কেমন ছিল?’

এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘ব্রিকসের আমন্ত্রণ সম্পর্কে আপনাদের প্রশ্নের বিষয়ে বলি, আমরা ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। পূর্ণ প্রস্তুতির সঙ্গে এটি আয়োজন করা হচ্ছে। আমন্ত্রণ ও কারিগরি বিষয়ে আমরা পরে আপনাদের হালনাগাদ তথ্য দেব।’

ব্রিফিংয়ে আরেক সাংবাদিক ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গরের চলমান বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করেন।

তিনি বলেন, ‘ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত বর্তমানে তিন দিনের বাংলাদেশ সফরে রয়েছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রীসহ আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এমন কোনো চর্চা আছে কি না যে, আমেরিকার রাষ্ট্রদূত তার আঞ্চলিক কার্যক্রম সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন? কারণ তিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতও। এমন কোনো মাধ্যম কি আছে, যার মাধ্যমে আপনারা জানতে পারেন তিনি বিভিন্ন দেশে কী করছেন? নাকি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন?’

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমেরিকার রাষ্ট্রদূতের ঢাকা সফর নিয়ে আপনার প্রথম প্রশ্নের উত্তর আমেরিকার দূতাবাস অথবা বাংলাদেশ সরকারের দেওয়া উচিত। কারণ এটি ওই দুই দেশের বিষয়।’

এরপর অন্য এক সাংবাদিক ঢাকায় সার্জিও গর ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের বৈঠকের বিষয়ে জানতে চান।

তিনি বলেন, ‘ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আজ সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আশা করি, আপনি এ বৈঠকের বিষয়ে অবগত আছেন। সেখানে কী ধরনের আলোচনা বা মতবিনিময় হয়েছে, সে সম্পর্কে কি কিছু জানাতে পারবেন?’

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমেরিকার রাষ্ট্রদূত ও হাইকমিশনারের সাক্ষাতের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের জানাব।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ