মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়াবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।
সোমবার (১ আগস্ট) এ বিষয়ে জান্তার জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিল অনুমোদন দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে তারা।
গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর জান্তা মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা করেছিল।
গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলেছে, নিরাপত্তা কাউন্সিলের সদস্যেরা সর্বসম্মতিক্রমে আরও ছয় মাসের জন্য ঘোষিত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রস্তাবে সমর্থন জানিয়েছেন।
সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। ক্ষমতা দখল করা সামরিক বাহিনীর বিরুদ্ধে শহরগুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলে সেনাবাহিনী নিষ্ঠুরভাবে তা দমন করে। এতে দেশজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে।











