spot_img

নির্বাচন নয়, সবার আগে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কোনো নির্বাচন নয়, সবার আগে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আর কোনো নির্দেশের অপেক্ষায় থাকা যাবে না। রাস্তায় যখন নেমেছেন, রাস্তা পরিষ্কার করে এদের বিদায় করেই ঘরে ফিরতে হবে। গণতন্ত্রের মুক্তি, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি অর্জনের আন্দোলনকে বেগবান করতে হবে।

সোমবার (১ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, মনে রাখবেন, এ দেশের জনগণের টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের টাকায় জনগণ চলে না। জনগণের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে যারা বিদেশে পাচার করেছে, তার প্রতিবাদ জানাতে, তাদের বিচার চাইতে গিয়েছিল আমাদের দলের কর্মী আবদুর রহিম। কী এমন ঘটনা ঘটেছিল যে বিএনপির মিছিলের উপর গুলি চালাতে হবে? গুলি করে মানুষ হত্যা করতে হবে। এই দেশটা কারো পৈত্রিক সম্পদ নয়। এদেশ কারো দয়ার দান নয়, আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। এটা আমাদের সম্মিলিত ত্যাগের বিনিময়ের অর্জন। মনে রাখবেন, দিন আসছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ