হেফাজত ইসলাম বাংলাদেশের সঙ্গে জোট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন। তবে হেফাজত ইসলামের সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করব। ফ্যাসিস্ট হটাও আন্দোলনে হেফাজতের অবদান রয়েছে। দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ ও পরামর্শে হেফাজতের আমির আমাদের মুরব্বির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন সবার সঙ্গে বিএনপি যোগাযোগ রাখবে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, শাপলা চত্বরে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছে। সেদিন নিহত অনেকের তালিকা এখনো হয়নি। যারা গুম হয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করা যায়নি। কিছুদিন আগে শাপলা চত্বরে শহীদদের স্মরণে স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেখানেও অনেকের নাম নেই। অনেক লাশের কবরের সন্ধান পাওয়া যায়নি।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মো. হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির নেতা সারোয়ার আলমগীর ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার।
এর আগে দুপুরে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় জুমার নামাজ আদায় করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ। তারা মাদ্রাসার মহাপরিচালক মুফতী খলিল আহমেদ কাসেমী ও প্রধান শাইখুল হাদিস মাওলানা শেখ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।











