পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টিতে আফগানিস্তানের জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন আফগানিস্তানের ইসলামি ইমারতের উপ-মুখপাত্র মাওলানা হামদুল্লাহ ফিতরাত।
তিনি বলেছেন, পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করা বা এতে সহযোগিতা করা আফগানিস্তানের স্বার্থের পরিপন্থী।
শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে মাওলানা ফিতরাত বলেন, পাকিস্তানি কর্মকর্তারা যখনই নিজেদের দেশে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তখন জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিভিন্ন ঘটনার জন্য আফগানিস্তানকে দায়ী করেন।
তিনি বলেন, অন্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার মতো প্রয়োজনীয় সক্ষমতা আফগানিস্তানের নেই। একইসঙ্গে এ ধরনের কর্মকাণ্ড থেকে আফগানিস্তানের কোনো লাভও হবে না। কারণ, পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি হলে অর্থনৈতিক, সামাজিক ও মানবিক দিক থেকেও আফগানিস্তান ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, নিজেদের নিরাপত্তার দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার পরিবর্তে পাকিস্তানি কর্মকর্তারা অন্যায়ভাবে আফগানিস্তানকে দায়ী করছেন। একইসঙ্গে তারা আফগানিস্তানকে অস্থিতিশীল করার লক্ষ্যে নেওয়া পরিকল্পনায় সম্পদ ব্যয় করছেন।
মাওলানা ফিতরাত এই কর্মকৌশলকে মূল দায়িত্ব এড়িয়ে যাওয়া, অঞ্চলকে অস্থিতিশীল করা এবং অর্থনৈতিক সম্পদের অপচয়ের একটি উপায় হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই ভুল নীতি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে তাদের মূল দায়িত্ব থেকে বিচ্যুত করেছে।
সূত্র : আরিয়ানা নিউজ











