spot_img

জাহাজে হামলা না করতে ইরানকে ভারতের অনুরোধ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোন আলাপে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করতে অনুরোধ করেছেন।

জয়শঙ্কর জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় চলমান সহিংসতা নিয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে তিনি আরাগচিকে জানিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ তথ্য জানান।

একই সঙ্গে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও সেগুলোর ক্রুদের লক্ষ্য করে হামলা না চালানোর জন্য স্পষ্ট অনুরোধ জানিয়েছেন। জয়শঙ্কর লিখেছেন, ভারত সবসময়ই এ ধরনের হামলার বিরোধী। ভারত সবসময় সংলাপ ও কূটনীতির পক্ষে অবস্থান নেয়।

আরাগচি বর্তমান পরিস্থিতি ও আমেরিকার সঙ্গে চলমান আলোচনা নিয়ে ইরানের অবস্থান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচিও টেলিগ্রামে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার বার্তায় বাণিজ্যিক জাহাজে হামলার প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হয়েছে। তিনি শুধু বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক বিষয় নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১৬ জন ভারতীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন ছিলেন নাবিক।

সূত্র: এএনআই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ