গাজ্জা উপত্যকায় দুটি বিমান হামলা চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনাবাহিনী। এসব হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন।
আজ শনিবার (১ আগস্ট) প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বোর্ড অব পিস গাজ্জা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নে একটি চুক্তির ঘোষণা দেওয়ার এক দিন পর ইসরাইল এসব হামলা চালাল।
বোর্ড অব পিস জানিয়েছে, হামাস একটি বিস্তারিত রোডম্যাপে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে ইসরাইল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সর্বশেষ হামলায় মধ্য গাজ্জা উপত্যকার দেইর আল-বালাহ এলাকায় একটি বাড়ির উঠানে ইসরাইলি ড্রোন আঘাত হানে। এতে এক ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হন।
এর আগে গাজ্জা শহরের শেখ রাদওয়ান এলাকায় বেসামরিক মানুষের একটি জমায়েত লক্ষ্য করে আরেকটি ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এতে দুই ফিলিস্তিনি নিহত হন।
সূত্রগুলো জানিয়েছে, নিহত ও আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর থেকে ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ২২২ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ৫৩ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে গাজ্জার বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষকে আহত করেছে। ইসরাইলি সামরিক আগ্রাসনে অবরুদ্ধ উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামোও ধ্বংস হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি










