রক্তের প্রতিশোধ নিতে ঐক্যবদ্ধ আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে সরকারকে পরাজিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, শাওনের হত্যার প্রতিশোধ যদি নিতে চাই, নুর এবং রহিমের হত্যার প্রতিশোধ যদি নিতে চাই, তাহলে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এবং ঐক্যবদ্ধভাবে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে রাজপথ দখল করে এই ভয়াবহ আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রায় এক সংক্ষিপ্ত বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, এই র্যালির মধ্যে দিয়ে সমগ্র দেশবাসী এবং বর্তমান সরকারকে জানিয়ে দেব, বিএনপি এখন সবচেয়ে বড় দল। বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দলকে বিকশিত করেছেন এবং জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যিনি এখনো এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন। আর এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলায় সাজা নিয়ে অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি অন্তরীণ আছেন।
বিএনপি মহাসচিব বলেন, কিছু দিন আগে জ্বালানি তেলের বৃদ্ধি এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে আমরা যে আন্দোলন করছিলাম, তার প্রতিবাদ করতে গিয়ে ভোলাতে আমাদের ছাত্রদল নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম শহীদ হয়েছেন।
এছাড়া শোভাযাত্রা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শামা ওবায়েদ, প্রচার সস্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।










