spot_img
spot_img

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হলেন ৫ আলেম

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস গঠন করেছে সরকার। এতে দেশের প্রখ্যাত মুসলিম পণ্ডিত ও ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্য থেকে পাঁচজন আলেমকে গভর্নর হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫-এর ৬(১) ধারা অনুযায়ী এ বোর্ড গঠন করা হয়েছে।

সরকার মনোনীত পাঁচ আলেম হলেন, জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী; চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী; বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক; মারকাযুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি আজহারুল ইসলাম এবং নূরে মদীনা আল-আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও সম্মিলিত ইমাম খতিব পরিষদের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গভর্নর এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকার মনোনীত দুই সংসদ সদস্যও বোর্ডের গভর্নর হয়েছেন। তারা হলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্য গভর্নরদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর থাকবে। তবে তিন বছর অতিক্রান্ত হওয়ার পরও তাদের স্থলে সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যাবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ