spot_img
spot_img

দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারি ভবনের অব্যবহৃত ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের দেশের প্রথম প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে স্থাপিত এ প্রকল্পের মোট উৎপাদন সক্ষমতা ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, তিন উপজেলার সরকারি ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট উৎপাদন সক্ষমতা রয়েছে।

ফুলগাজী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, জেলা পরিষদ ডাকবাংলো ও ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনসহ আটটি সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এসব স্থাপনায় মোট ২৪৯ কিলোওয়াট উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে।

ছাগলনাইয়া উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, ডাকবাংলো ও ইউনিয়ন পরিষদ ভবনসহ ১২টি স্থাপনায় সৌর প্যানেল বসানো হয়েছে। এসব স্থাপনায় মোট ৪১৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

পরশুরাম উপজেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম ভবনসহ ছয়টি স্থাপনায়ও সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এসব স্থাপনায় উৎপাদন সক্ষমতা ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট।

উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। প্রকল্পটির মাধ্যমে সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানিয়েছেন, প্রকল্পটির সুনির্দিষ্ট ব্যয়ের হিসাব তাদের কাছে নেই। তবে তিন উপজেলায় এটি বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এ উদ্যোগের পর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন আরও সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ