কেন্দ্রীয় সরকারের ‘জনমিতি কমিশন’ মুসলিমদের টার্গেট করছে বলে অভিযোগ করেছেন এআইএমআইএমের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। গাড়ি নিবন্ধন ও সম্পত্তি লেনদেনের বিষয়ে রাজ্যগুলোর কাছে ধর্মভিত্তিক তথ্য চাওয়ার মাধ্যমে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেন হায়দরাবাদের এই সংসদ সদস্য।
ওয়াইসি বলেন, “আমরা যখন মোদি সরকারের কাছে মুসলিমদের শিক্ষাগত, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তথ্য সংগ্রহের দাবি জানিয়েছিলাম তখন সরকার সঙ্গে সঙ্গেই মুখ ফিরিয়ে নিত। এখন অমিত শাহের ‘জনমিতি কমিশন’ রাজ্যগুলোর কাছে জানতে চাইছে কোন ধর্মের কত মানুষ গাড়ি কিনেছে, তাদের কতটুকু জমি রয়েছে এবং এ ধরনের আরও তথ্য।”
তিনি বলেন, “এই কমিশনের উদ্দেশ্য তথ্যের ভিত্তিতে আরও ভালো নীতি প্রণয়ন করা নয়। বরং এমনভাবে তথ্যকে ঘুরিয়ে-পেঁচিয়ে ও বিকৃত করা যাতে মুসলিমদের টার্গেট করা যায় এবং তাদের অবশিষ্ট অধিকারগুলোকেও কেড়ে নেওয়া যায়।”
প্রতিবেদন অনুযায়ী, জনমিতিক পরিবর্তনবিষয়ক উচ্চপর্যায়ের কমিটি গত ১৫ বছরের জন্মনিবন্ধন, গাড়ি নিবন্ধন, স্কুলে ভর্তি এবং সম্পত্তি লেনদেনের ধর্মভিত্তিক তথ্য চেয়েছে। পাশাপাশি জেলাভিত্তিক ধর্মীয় স্থাপনার তথ্য এবং আধার, ভোটার পরিচয়পত্র ও রেশন কার্ড নিবন্ধনে অস্বাভাবিক বৃদ্ধির তথ্যও চাওয়া হয়েছে।
এ ছাড়া তফসিলি উপজাতি সম্প্রদায়ের মধ্যে ধর্মান্তর নিয়ে গোয়েন্দা মূল্যায়ন ও কমিশনের প্রতিবেদন এবং কার্যকর আটককেন্দ্রগুলোর বিস্তারিত তথ্যসহ আরও বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
অবৈধ অভিবাসন ও অন্যান্য অস্বাভাবিক কারণে সৃষ্ট জনমিতিক পরিবর্তন পর্যালোচনা এবং এসব পরিবর্তন মোকাবিলায় করণীয় সুপারিশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৬ মে জনমিতিক পরিবর্তনবিষয়ক উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে কমিটিটি গঠন করা হয়।
২৭ সেপ্টেম্বর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ওয়াইসি বলেছিলেন, বিজেপি সরকার সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে। জনমিতিক পরিবর্তন ঘটেছে এমন এলাকাগুলো পরিদর্শন করবে এই কমিশন। যেসব এলাকায় বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে সেখানে তারা যাবে এবং চূড়ান্ত ভোটার তালিকা পর্যালোচনা করবে। এরপর অবৈধ অভিবাসীদের আটক করা হবে বলেও তিনি জানান।
ওয়াইসি বলেন, অমিত শাহ বলেছেন, এনআরসি কার্যকর করা হবে। বিশেষ নিবিড় সংশোধনের ভোটার তালিকার ভিত্তিতে এনআরসি করা হতে পারে।
সূত্র : মুসলিম মিরর











