যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালিয়েছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাহিনী। এসব হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নাগরিক শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) সাফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছেন, গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের মাওয়াসি এলাকায় একটি পুলিশ ফাঁড়িকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে হামলা চালানো হয়। এতে অন্তত ৫ জন নাগরিক শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, দায়িত্ব পালনরত অবস্থায় মাওয়াসি খান ইউনুস এলাকায় পুলিশের কয়েকজন কর্মকর্তা ও সদস্যকে লক্ষ্য করে দখলদার বাহিনীর বিমান হামলা চালানো হয়। এতে কয়েকজন শহীদ এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
অন্যদিকে, গাজ্জা শহরের পশ্চিমে রামাল এলাকার কায়রো স্কুলের আশপাশে ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে দখলদার অবৈধ বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে শিশুও রয়েছে। এ হামলায় আরও ছয়জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
রোববার সকালে মধ্য গাজ্জার আল-মাসদার গ্রামে কয়েক দিন আগে দখলদার বাহিনীর গুলিতে আহত ইবরাহিম আদেল সাঈদ চিকিৎসাধীন অবস্থায় ওই আঘাতের কারণে শহীদ হয়েছেন।
এদিকে, অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর ট্যাংকগুলো খান ইউনুস শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক গুলিবর্ষণ করেছে। একই সময়ে শহরের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে আবারও গোলাবর্ষণ শুরু হয়।
দখলদার ইসরাইলি সামরিক যানগুলো খান ইউনুসের উত্তরে হামাদ শহর ও এর আশপাশের তাঁবুগুলোর দিকে ব্যাপকভাবে গুলিবর্ষণ করেছে। সালাহউদ্দিন সড়কের কাছে অবস্থানরত ইসরাইলি ট্যাংকগুলো থেকে ছোড়া গুলি খান ইউনুস শহরের কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চল পর্যন্ত পৌঁছেছে।
গাজ্জা উপত্যকার উত্তরাঞ্চলেও ইসরাইলি ট্যাংকগুলো বেইত লাহিয়া শহরের পশ্চিমাঞ্চলের দিকে ব্যাপক গুলিবর্ষণ করেছে। কামাল আদওয়ান হাসপাতালের আশপাশে ঘণ্টার পর ঘণ্টা এই গুলিবর্ষণ অব্যাহত ছিল।
এদিকে, খান ইউনুসের দক্ষিণ ও পূর্বাঞ্চলের আকাশে দখলদার ইসরাইলি ড্রোন ও গোয়েন্দা বিমানকে নিচু দিয়ে উড়তে দেখা গেছে। গাজ্জা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি দখলদার ইসরাইলি বাহিনী ধারাবাহিকভাবে লঙ্ঘন করে চলেছে।
চুক্তি কার্যকর হওয়ার পর থেকে দখলদার অবৈধ ইসরাইলি বাহিনীর হামলায় ১ হাজার ৫৮০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এ সময় আরও শত শত মানুষ আহত হয়েছেন।
সূত্র : সাফা নিউজ এজেন্সি











