গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ১৬ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৬৫৮ জনে।
রোববার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার নয়জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার এক দশমিক ৫৮ শতাংশ। শনাক্তদের মধ্যে ১৪ জন নগরের, একজন পটিয়া এবং একজন লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে একজন, শেভরন হাসপাতাল ল্যাবে সাতজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুজন এবং ল্যাব এইড হাসপাতাল ল্যাবে করা পরীক্ষায় একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।











