আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশন গঠনে আইন করার মতো সময় এখন আর নেই। তবে এ আইন নিশ্চয়ই হবে। এই আইন হবেই না, সেটা কখনও বলিনি আমরা। এমন একটা আইন হতে হবে যেটা সার্বজনীন হয়।
রবিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, সরকারের কাছে এখন চ্যালেঞ্জ হলো জনগণের সেবা করা। এটাই এত বছরে করে আসছে সরকার। পাঁচ বছর মেয়াদ শেষ হলে যারা জনগণের সেবা করেছে, তাদেরই আবার ভোট দিয়ে নির্বাচিত করবে মানুষ। যারা নিজেদের সেবা নিয়ে ব্যস্ত ছিল, তাদের নির্বাচিত করবে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, কাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে আর কাকে পাঠানো হবে না; এটা সরকারের কাছে এখন প্রায়োরিটি না। সরকারের প্রায়োরিটি জনগণের সেবা করা। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে না বলা দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয় থেকে। কারণ এর আইনি কোনও সুযোগ নাই। এখন বাকিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।










