বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী র্যাব ও সংস্থাটির সাবেক এবং বর্তমান মিলে সাত কর্মকর্তার ওপর আমেরিকার নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির পররাষ্ট্র দফতরে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফোনে কথা বলার সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা হত্যা ও গুমের অভিযোগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি তাদের বলেছি আমেরিকার তুলনায় আমাদের দেশে হত্যা ও গুমের ঘটনা খুবই কম।
রবিবার (২ জানুয়ারি) দুপুরে সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রে ব্যাপক গুম-খুনের ঘটনা থাকলেও এটাকে ইন দ্য লাইন অফ ডিউটি হিসেবেই ধরা হয়। কিন্তু বাংলাদেশের অল্প কিছু ঘটনা নিয়ে দোষারোপ শুরু হয়েছে, যা তাদের হাসির খোরাক করেছে।
তিনি বলেন, নিষেধাজ্ঞার খবর পাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দফতরের সংশ্লিষ্ট কর্তার সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। ওই কর্মকর্তা বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে কথা বলেছেন। তখন আমি উনাকে বাংলাদেশের গণতন্ত্রের ঐতিহ্য এবং মানবাধিকারের বিষয়ে জানিয়েছি, বলেছি গণতন্ত্র হচ্ছে বাংলাদেশের মূল স্তম্ভ।










