বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যতদিন নিরপেক্ষ নির্বাচন হবে না, ততদিন দ্রব্যমূল্য লাগামহীন থাকবে। দিনের পর দিন বাড়তে থাকবে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ নীরবে কাঁদছে। এখন অসহায় মানুষগুলো চারপাশ অন্ধকার দেখছে।
বুধবার (০২ মার্চ) বিকেলে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা কমিটির সভাপতি এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসভবনের সামনে এ সমাবেশ করা হয়।
এ্যানি বলেন, আওয়ামী লীগ সরকার, দলের এমপি-মন্ত্রী ও বড়-বড় নেতারা এদেশের টাকা সব বিদেশে পাচার করছে। এজন্য দিন দিন দ্রব্যমূল্য বাড়ছে। কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছে না। সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ সরকার পালাবার পথ খুঁজে পাবে না। সে কারণে তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে।










