ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ব্যাপক তুষারপাতে এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া তুষারপাতজনিত কারণে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
শনিবার (২ মার্চ) আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম তোলো নিউজের এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, তুষারপাতের ফলে দেশটির বালখ, ফারইয়াব, সার-ই-পুল, জৌজান, হেরাত, ঘোর, কান্দাহার, বামিয়ান, ফারাহ, হেলমান্দ, নূরিস্তানসহ প্রায় সব প্রদেশে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে।
চলমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সার-ই-পুলের বাসিন্দা আবদুল কাদির বলেন, গত কয়েকদিন ধরে তুষারপাত হচ্ছে, এখনও চলছে। তুষারের স্তূপ জমার কারণে প্রদেশের অধিকাংশ সড়ক বন্ধ হয়ে আছে। বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই। অনেক জায়গায় সাধারণ লোকজন ও গবাদি পশুর খাদ্য সংকট শুরু হয়েছে বলে শুনেছি।
আমানুল্লাহ নামের আরেক বাসিন্দা বলেছেন, সড়ক বন্ধ থাকার কারণে যেসব এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেসব স্থানে জরুরি ভিত্তিতে খাবার ও পশুখাদ্য পাঠানো প্রয়োজন।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আপতকালীন কমিটি গঠন করেছে ইমারাতে ইসলামিয়া। ইতোমেধ্যে বালখ, জৌজান, বাদঘিস, ফারইয়াব এবং হেরাতের পশুপালকদের জন্য ৫ কোটি আফগানি সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়েছে।











