স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঐতিহ্যবাহী দেশীয় শিল্পকে পেশা হিসেবে নিতে নবপ্রজন্মকে এগিয়ে আসতে হবে। গ্রামীণ পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পারিবারিক পেশা থেকে তারা যেন বিমুখ না হয়, সেজন্য সামাজিক অনুপ্রেরণা ও সরকারি প্রণোদনা দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।
শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে (উত্তর) আয়োজিত ‘বাহারি চারু ও কারুশিল্পের প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশীয় শিল্পের ধারণ, সংরক্ষণ ও বিকাশে নারীদের সফল ও সরব উপস্থিতি রয়েছে। করোনাকালীন পারিপার্শ্বিকতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যেন হারিয়ে না যায় সে লক্ষ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছেন। আমাদের ঐতিহ্যবাহী দেশীয় পণ্যের সফলতা সেলিব্রেট করতে হবে। ঈদ ও পূজার মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসকে উদ্দেশ্য করে মেলা আয়োজিত হলে সে আয়োজন ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা তৈরি হবে।










