spot_img

রমজানে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত

পবিত্র রমজান মাস উপলক্ষে আগামীকাল থেকে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনার জন্য বিএসটিআই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন।

শনিবার (২ এপ্রিল) রমজান উপলক্ষে বিএসটিআইয়ের কার্যক্রম অবহিত করতে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় তিনি এ তথ্য জানান।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন জানান, রমজান উপলক্ষে ঢাকা মহানগরীতে বিএসটিআইর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছুটির দিনসহ স্বাভাবিক কার্যদিবসেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং কারচুপি রোধকল্পে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। একই সঙ্গে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও ভৈরব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এসব এলাকার বাইরে দেশের বিভিন্ন জেলা/উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআইর সব বিভাগীয়/জেলা কার্যালয়ের মাধ্যমে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে জনগণকে মানসম্মত পণ্য ক্রয় এবং নকল ও নিম্নমানের পণ্য সম্পর্কে সচেতন করতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। রমজান মাসে মানসম্মত খাদ্য ও পানীয় বিশেষ করে- মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ফ্রুট সিরাপ, ফ্রুট ড্রিংকস, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট এবং ইফতার সামগ্রী বিক্রি/বিতরণের ওপর বিএসটিআই নজরদারি জোরদার করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ