spot_img

জঙ্গি এমপি বলে কটূক্তি; তদন্ত চাইলেন হানজালা

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর জানাজায় অংশ নিতে সংসদ ভবনে প্রবেশের সময় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধনের অভিযোগ উঠেছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সময়ে নারী সংসদ সদস্যদের বিরুদ্ধেও কুৎসিত বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে ৭১ বিধিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভায় সভাপতিত্ব করছিলেন।

হানজালা বলেন, তিনি প্রথমবারের মতো সংসদে দাঁড়িয়ে কথা বলছেন। তিনি চেয়েছিলেন, সময় এলে আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে কথা বলবেন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, গত ২৩ মার্চ স্পিকারের সহধর্মিণীর জানাজায় তিনি উপস্থিত হয়েছিলেন। দক্ষিণ প্লাজা দিয়ে ভেতরে ঢোকার সময় পেছন থেকে কেউ একজন তাকে সম্বোধন করে বলে, ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’।

ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেন, বিষয়টি নিয়ে অনেক লেখালেখি হচ্ছে এবং ভিডিওটি নিয়েও আলোচনা চলছে। তার ভাষায়, জাতীয় সংসদের একজন চলমান সদস্যকে সংসদ প্রাঙ্গণের কাছে জঙ্গি বলে সম্বোধন করা হলে সংসদের মান ক্ষুণ্ন হয়।

হানজালা বলেন, ‘সম্ভবত আমার পোশাক, আমার পাগড়ি, এসবের কারণেই আমাকে জঙ্গি শুনতে হয়েছে।’ তিনি আরও বলেন, তার মাথায় পাগড়ি রয়েছে এবং তিনি সাদা পাঞ্জাবি, সুন্নতে রাসূলের পোশাক পরেন। কিন্তু আল্লাহর নবীর সুন্নত ও এই পোশাক কখনো জঙ্গির প্রতীক হতে পারে না।

স্পিকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসের মাধ্যমে তদন্ত করে কারা এ কাজ করেছে, তা বের করা হোক। তার মতে, এ কাজটি বিরোধী দলের সম্মান ক্ষুণ্ন করা কিংবা সেখানে দায়িত্বে থাকা প্রশাসনের সম্মানহানি ঘটানোর উদ্দেশ্যেও করা হয়ে থাকতে পারে। সঠিক তদন্ত হলে বিষয়টি পরিষ্কার হবে।

এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি হানজালাকে বিশেষ অধিকার প্রশ্নে একটি নোটিশ দেওয়ার পরামর্শ দেন এবং জানান, নোটিশ দেওয়া হলে বিষয়টি বিবেচনা করা হবে।

একই সময়ে সংসদ সদস্য রুমিন ফারহানাও অভিযোগ করেন, তাকে সহ নারী সংসদ সদস্যদের বিরুদ্ধে কুৎসিত বক্তব্য দেওয়া হয়েছে। তিনি এ ঘটনারও প্রতিকার চান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ