আওয়ামী লীগে দুর্বৃত্তদের জায়গা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, আওয়ামী লীগের ত্যাগী নেতা জিতেন গুহের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ন্যক্কারজনক। দলের নাম ভাঙিয়ে যারা দলের পরীক্ষিত নেতাদের নিগৃহীত করে, এমন দুর্বৃত্তদের জায়গা আওয়ামী লীগে নেই।
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা জিতেন গুহকে সোমবার দুপুরে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এসময় মন্ত্রী তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের যে জসিম চেয়ারম্যানের নেতৃত্বে হামলা হয়েছে, তাকে দল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হবার কারণে। তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আশা করছি অন্যান্য আসামিরাও সহসা গ্রেপ্তার হবে।’
উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে দুর্বৃত্তরা গত শুক্রবার বিকেলে ওই ইউনিয়নের ব্রাহ্মণঘাটায় গাছের সঙ্গে বেঁধে মারধর করে।










