জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, বর্তমান সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়।
মঙ্গলবার (২ মে) বুদ্ধপূর্ণিমা উপলক্ষে যুবদল কেন্দ্রীয় কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
টুকু বলেন, দেশে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই। স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে এই সরকার হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষ আজ বঞ্চিত। এদেশে শুধু সংসদ নির্বাচন নয়, স্থানীয় নির্বাচন গুলোতেও জনগণ ভোট দিতে পারেনি।”
তিনি বলেন, রক্ত দিয়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি। প্রত্যাশা ছিল স্বাধীনভাবে বসবাস করা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। সাম্যের প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। কিন্তু আজকের বাংলাদেশ এমন অবস্থা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য। ধনী সবচাইতে ধনী আর গরিব সবচাইতে গরিব।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে গণতন্ত্র বিদায় করেছে। দেশের দুর্নীতি ও অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে-তাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, যারা ধনী তাদের কথা আলাদা, কিন্তু যে মানুষ মাস শেষে নির্দিষ্ট বেতন পান তাদের সংসার চলছে না।










