বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা শুধু স্লোগান দিয়ে রাজনীতি করতে চাই। শুধু স্লোগানের রাজনীতি করলে হবে না, জেনেশুনে রাজনীতি করতে হবে। আমি জামায়াতে ইসলামীর রাজনীতি সমর্থন করি না। কিন্তু জামায়াতের রাজনীতির যে কৌশল ও প্রক্রিয়া তা অত্যন্ত বিজ্ঞানসম্মত। তা অনেকটাই কমিউনিস্ট পার্টির মতো।
রোববার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
ফখরুল বলেন, তাদের (জামায়াতের) যে ছাত্রশিবির আছে, তাদের লেখাপড়া করতে হয়। তারা নিজেরা বই প্রকাশ করে, পত্রিকা প্রকাশ করে। তার মানে জ্ঞানের চর্চা ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. নূরুল আমিন বেপারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক সামসুল আলম সেলিম ও সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।










