বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী বলেছেন, দেশের অখন্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা বন্ধ করতে হবে। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অনতিবিলম্বে বাংলাদেশ সেনাবাহিনীর পর্যাপ্ত ক্যাম্প স্থাপন করতে হবে। পাহাড়ি সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
শুক্রবার (২ জুলাই) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভার্চুয়াল সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৯৮ সালে পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসী সন্তুলারমার বাহিনীর সাথে কৃত চুক্তির প্রায় আড়াই দশক পেরিয়ে গেলেও পাহাড়ি জনজীবনে শান্তি ফিরেনি; বরং পূর্বের চেয়ে অধিক ভয়ঙ্করভাবে তারা বাধাহীন সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকার এ ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করে দেশের অখন্ডতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। স্বাধীন বাংলাদেশের পাহাড়ি অঞ্চল দেশি-বিদেশি ষড়যন্ত্রের লীলাভূমিতে পরিণত হয়েছে। শহীদ ওমর ফারুকসহ এ যাবৎ নিহত পাহাড়ি বাঙালি মুসলমানদের হত্যার বিচার না হওয়ায় দেশবিরোধী অপশক্তিগুলো বেপরোয়া হয়ে উঠেছে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমীর মাওলানা সালামাতুল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ডাঃ মাওলানা ইলিয়াস খান, সরকারী মহাসচিব মাওলানা আজিজুল হক, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান প্রমুখ।











