এবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অনুষ্ঠিত হওয়া জুডোতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একজন জুডো খেলোয়াড়কে বয়কট করলেন লেবাননের খেলোয়াড় আবদুল্লাহ মিনিয়াতো।
এর আগে চলতি অলিম্পিক গেমসের আসরেই ইহুদিবাদী ইসরাইলি জুডো খেলোয়াড়কে বয়কট করেছেন সুদানের খেলোয়াড় মুহাম্মাদ আবদুর রসূল ও আলজেরিয়ার খেলোয়াড় ফেথি নুরাইন।
সোফিয়াতে গত শনিবার ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয় এবং এতে একজন ইহুদিবাদী ইসরাইলি খেলোয়াড়ের নাম আসে প্রতিদ্বন্দ্বী হিসেবে। এরপরই লেবাননের তরুণ খেলোয়াড় মিনিয়াতো ও তার কোচ মুহাম্মাদ আল-গারবি ম্যাচ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন।
আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে ইহুদিবাদী ইসরাইলি খেলোয়াড়দের বয়কট করার মধ্যদিয়ে মুসলিম খেলোয়াড়রা মূলত ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের বর্বরতার প্রতিবাদ করছেন। অলিম্পিক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করার পর আলজেরিয়ার জুডো খেলোয়াড় নুরাইন বলেছেন, অনেক পরিশ্রম করে আমরা অলিম্পিকে আসার সুযোগ পেয়েছি তবে এসবের চেয়ে অনেক বেশি বড় হলো ফিলিস্তিন ইস্যু।
সূত্র: পার্সটুডে।












