spot_img
spot_img

প্রয়োজনে বাবার মতো জীবন দিতেও প্রস্তুত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের মানুষের ভাগ্য বদলাতে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতোই জীবন দিতেও প্রস্তুত আছি। আমি আপনাদের এ কথাটাও জানিয়ে দিয়ে যেতে চাই।

আজ বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের ভালোবাসা নিয়েই আছি। আমিও আপনাদের মন থেকে ভালোবাসি। একজন মানুষ তার আপনজনকে হারানোর শোক সইতে পারে না। আর আমি একইদিনে পরিবারের সবাইকে হারিয়েছি। বাংলাদেশের মানুষই আমার সংসার। দেশের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতো রক্ত দিতেও আমি প্রস্তুত।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে দেশে হত্যা ও ক্যু ষড়যন্ত্রের শুরু হয়। আমরা দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছি। আমরাই মানুষকে শান্তিতে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করেছি।

প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আমরা কৃষকদের ঘরে ঘরে সার পৌঁছে দিচ্ছি। আর বিএনপির আমলে কৃষকরা সারের জন্য আন্দোলন করতে গেলে খালেদা জিয়ার সরকার তাদের গুলি করে হত্যা করেছে।

শেখ হাসিনা বলেন, আমরা দেশ থেকে দারিদ্র্য বিমোচনে কাজ করছি। রংপুরসহ উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূর করেছি। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ