আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আপনারা (বিএনপি) দেশকে নিয়ে বহু ছিনিমিনি খেলেছেন। ক্ষমতায় থাকতে অনেক অন্যায়-অত্যাচার করেছেন। ক্ষমতার বাইরে গিয়েও পেট্রল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। পরিষ্কারভাবে বলতে চাই, বঙ্গবন্ধুকন্যা অন্ধকারে তলিয়ে যাওয়া বাংলাদেশকে আলোয় উদ্ভাসিত করে বিশ্বের কাছে উন্নয়নের রোলমডেলে পরিণত করেছেন। এ দেশে নৈরাজ্য সৃষ্টি করার আর সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কুমিল্লার দেবিদ্বারের এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের নামে সহিংসতা, ভাঙচুর, জ্বালাও-পোড়াও হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরও প্রস্তুত থাকতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে হত্যা, গুম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের রাজনীতি শুরু করেছিলেন, উল্লেখ করে তিনি বলেন, নেতাকর্মীদের অপকর্ম ঢাকতে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে বেড়াচ্ছেন। আওয়ামী লীগ কখনো গুম, খুনের রাজনীতিতে বিশ্বাস করে না।










