বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি মুহাম্মদ রায়হান আলী বলেছেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। যাঁদের ধর্মীয় বিশ্বাস ইসলাম। অথচ এখনো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারছে না। দীর্ঘদিন ধরে বোরকা-হিজাব-নেকাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে। আদালতের দ্বারস্থ হয়েও ছাত্রীরা তাদের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে পারছে না। কিছুদিন আগে বাংলা বিভাগের শিক্ষার্থীদের রিট আবেদন খারিজ করা হলো আদালতে যা খুবই দুঃখজনক। সাম্প্রতিক সময়ে আইইআর বিভাগের অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান চাঁন ২০১৯-২০ সেশনের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা পরবর্তী ভাইভার সময় ছাত্রীদের নেকাব খুলতেও বাধ্য করেন। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্সের শেষ ভাইভায় অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী হিজাবী বা নিকাব পরিহিতা ছাত্রীদের ভাইবা নিতে অস্বীকৃতি জানান। তিনি ছাত্রীদের সাথে অসংলগ্ন কথাবার্তা বলে বিব্রত করেন। তিনি হিজাব পরিধানকারী শিক্ষার্থীদের উগ্রবাদী বলেও আখ্যায়িত করেছেন।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে “ঢাবিতে হিজাব নিষিদ্ধ, বিভিন্ন বিভাগের শিক্ষক কর্তৃক হিজাবী শিক্ষার্থীদের হেনস্থা ও উগ্রবাদী অপবাদ দেওয়া এবং হাফেজ রেজাউল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।
রায়হান আলী আরও বলেন, রাজধানীতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কথিত শান্তি সমাবেশে নিহত মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করিম হত্যার শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। ছাত্রী হেনস্থায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনতে হবে এবং দেশের সকল ক্যাম্পাসে ধর্মীয় অনুশাসন পালনে স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ইসলামী ছাত্র মজলিসের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ’র সভাপতি নূর মোহাম্মদ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি তৌফিক বিন হারিছ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক আমিনি, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক আজিজুল হক, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকার, সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কে এম ইমরান হুসাইন, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, কেন্দ্রীয় অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম,মুফতি শাব্বির আহমদ, শরীফ মাহমুদ, মাহমুদুল হাসান ত্বহা প্রমুখ।










