spot_img
spot_img

ইরান চলমান হামলার প্রতিশোধ নিলে আরও কঠিন হামলার হুমকি ট্রাম্পের

ইরান চলমান আমেরিকান হামলার প্রতিশোধ নিলে দেশটির ওপর আরও কঠিন মাত্রার হামলা চালানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে আমেরিকার হামলা শুরুর পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুমকি দেন তিনি।

ট্রাম্প বলেন, ইরান যদি চলমান হামলার প্রতিশোধ নেয়, তাহলে তাদের ওপর আরও অনেক কঠিন মাত্রায় আঘাত হানা হবে।

এর আগে আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করেছে আমেরিকান বাহিনী। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও মধ্যপ্রাচ্যে মোতায়েন আমেরিকান সেনাদের বিরুদ্ধে আইআরজিসির সাম্প্রতিক তৎপরতার জবাবে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা।

আমেরিকান হামলার আওতায় ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকা রয়েছে। ইরানি গণমাধ্যম বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহারসহ কয়েকটি এলাকায় হামলা ও বিস্ফোরণের খবর জানিয়েছে।

এর আগে হরমুজ প্রণালির লারাক দ্বীপে ইরানি সামরিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা। এর জবাবে জর্ডানে আমেরিকান সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। আমেরিকা দাবি করেছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে।

নতুন করে শুরু হওয়া হামলা-পাল্টা হামলার মধ্যে ট্রাম্পের আরও কঠিন হামলার হুমকিতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ