ইরানের দক্ষিণাঞ্চল ও হরমুজ প্রণালির আশপাশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে আমেরিকা। নতুন করে শুরু হওয়া এসব হামলায় বন্দর আব্বাসসহ দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।
ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস ও সিরিক এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর হামলার বিষয়টি মার্কিন কর্মকর্তার বরাতেও নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আমেরিকার সেন্ট্রাল কমান্ডও ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরুর কথা জানিয়েছে। তবে হামলায় ঠিক কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের রাষ্ট্রীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে কেশম দ্বীপ ও সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের খবর দেওয়া হলেও সেখানে কতটি হামলা হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কোনারাক এলাকায় একাধিক হামলার দাবিও ইরানি কিছু সূত্রে এসেছে। তবে সেখানে ছয়টি হামলা এবং কেশমে আটটি হামলার যে সংখ্যা প্রচার করা হচ্ছে, তা নির্ভরযোগ্য একাধিক সূত্রে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও আমেরিকার মধ্যে হামলা-পাল্টা হামলা বেড়েছে। নতুন করে বন্দর আব্বাস, সিরিক ও কেশমের আশপাশে হামলার খবর আসায় দুই দেশের চলমান সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স











