spot_img
spot_img

ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলা, পালটা কুয়েত-জর্ডান-বাহরাইনে ইরানের হামলা

ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা। এর পর পালটা কুয়েত, জর্ডান, বাহরাইন ও ইরাকে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের তীব্রতা বেড়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গ্রিনিচ মান সময়, বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ইরানে নতুন করে হামলা শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক স্থাপনা, মাইন স্থাপনের সক্ষমতা ও যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

মার্কিন হামলার পর ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় হামলা ও বিস্ফোরণের খবর দিয়েছে।

ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসালুয়েহ এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিরফত বিমানবন্দর এবং আহভাজের কাছাকাছি এলাকাতেও মার্কিন হামলার খবর জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চাবাহার ও বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইভাবে কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। আসালুয়েহ একটি গুরুত্বপূর্ণ গ্যাসকেন্দ্র, আর বন্দর আব্বাস ও জাস্ক হরমুজ প্রণালির কাছাকাছি গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকা।

দক্ষিণ ইরানের সিরিক উপকূলীয় এলাকার কুহেস্তাকে একটি বিয়ের অনুষ্ঠানের সময় মার্কিন হামলায় হতাহতের দাবি করেছে ইরান।

ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ওই ঘটনায় পাঁচজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। ইরানের মেহর বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে। তবে আহতের সংখ্যা নিয়ে ইরানের বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

ইরানে মার্কিন হামলার পর কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পালটা হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।

জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে ১০টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়। বাকি তিনটি জনবসতি থেকে দূরের এলাকায় পড়ে। প্রাথমিকভাবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জর্ডানে ইরানের হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় আকারের ড্রোন হামলা চালানোর খবর দিয়েছে ইরানি সংবাদমাধ্যম। বাহরাইন জানিয়েছে, ইরানি ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুতাপূর্ণ ড্রোন হামলা মোকাবিলা করছে। বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হামলা প্রতিহত করার কারণে হতে পারে বলেও জানানো হয়েছে।

ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে আইআরজিসির স্থলবাহিনী।

আইআরজিসির দাবি, হামলায় একটি মেরামতকেন্দ্র, কারিগরি সরঞ্জামের কয়েকটি গুদাম এবং মার্কিন নজরদারি বেলুন নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা ধ্বংস হয়েছে। ঘাঁটির জ্বালানি মজুতেও আগুন ধরে এবং কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে তারা।

তবে ইরাক বা আমেরিকা এ হামলার দাবি নিশ্চিত করেনি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে আইআরজিসির সাম্প্রতিক হামলার চেষ্টার পর এই অভিযান চালানো হয়েছে।

এর আগে রোববার ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। এর জবাবে ইরান জর্ডানে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর মঙ্গলবার নতুন করে আমেরিকা ইরানে হামলা চালালে সংঘাত আবারও তীব্র আকার ধারণ করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান এই হামলার জবাব দিলে দেশটির ওপর আরও কঠোর হামলা চালানো হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান পালটা হামলা চালালে তাদের ওপর আরও ‘কঠোর ও উচ্চমাত্রার’ হামলা চালানো হবে।

অন্যদিকে, ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, আমেরিকার হামলার জবাব দেওয়া হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, শত্রুপক্ষ যদি পারস্য উপসাগর থেকে ইরানকে তেল রপ্তানি করতে না দেয়, তাহলে কাউকেই ওই অঞ্চল থেকে তেল রপ্তানি করতে দেওয়া হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ