পাকিস্তানের বেলুচিস্তানে কাস্টমস হাউসে হামলা এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য ও কাস্টমস বিভাগের একজন কর্মকর্তা রয়েছেন। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২১ সশস্ত্র সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানায়।
আইএসপিআর জানায় ৩১ আগস্ট রাত থেকে ১ সেপ্টেম্বর রাত পর্যন্ত বেলুচিস্তানের চাগাই জেলার নোকচা এবং পিশিন জেলার জিয়ারাত ক্রস এলাকায় পৃথক ঘটনায় ২১ সশস্ত্র সদস্য নিহত হন।
পিশিন জেলার জিয়ারাত ক্রসে কাস্টমস হাউসে প্রবেশের চেষ্টা করে সশস্ত্র সদস্যরা সমন্বিত হামলা চালায়। নিরাপত্তা বাহিনী পালটা প্রতিরোধ গড়ে তোলে। কয়েক দফা তীব্র গোলাগুলির পর ১০ হামলাকারী নিহত হয়। পালিয়ে যাওয়া হামলাকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হয় বলে জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর আরও জানায় কাস্টমস হাউসে হামলার সময় দুই কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য এবং কাস্টমস বিভাগের একজন কর্মকর্তা নিহত হন। সামরিক বাহিনী নিহতদের সাহসী সন্তান হিসেবে উল্লেখ করেছে।
হামলার পর আশপাশের এলাকায় তল্লাশি ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অবশিষ্ট সশস্ত্র সদস্যদের শনাক্ত ও নির্মূলের পাশাপাশি স্থানীয় জনগণ এবং গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করাই এসব অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে আইএসপিআর।
এর আগে ৩১ আগস্ট চাগাই এলাকায় এন-৪০ কুয়েটা-তাফতান মহাসড়কে যাত্রীদের চলাচল ব্যাহত করতে সশস্ত্র সদস্যরা একটি অবৈধ তল্লাশিচৌকি স্থাপন করে বলে দাবি করে আইএসপিআর।
সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সশস্ত্র সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে আইএসপিআর।
এর আগে সোমবার চাগাই এলাকায় রেকো ডিক তামা ও স্বর্ণ প্রকল্পের যানবহরে হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ সশস্ত্র সদস্য নিহত হন। একই দিনে ওয়াশুক জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে আরও দুজন নিহত হন।
পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষ্য অনুযায়ী দেশটির সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে ফিতনা আল-খাওয়ারিজ এবং বেলুচিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে ফিতনা আল-হিন্দুস্তান নামে অভিহিত করে থাকে।
সূত্র: দ্য ডন











