spot_img
spot_img

আগামী দেড় সপ্তাহের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বর্তমান জ্বালানি সংকট শুধু সরকারের কারণে সৃষ্টি হয়নি। এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। তবে সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, মহেশখালীর গ্যাস টার্মিনালের পরিস্থিতি ইতোমধ্যে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। শিগগিরই দেশের গ্যাস সংকটও নিরসন হবে। শিল্প ও কলকারখানাগুলো যাতে পর্যাপ্ত জ্বালানি পায় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আশা করা হচ্ছে এর ফলে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সংকটও ধীরে ধীরে কমে আসবে।

তিনি আরও বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, বর্তমান সংকটকে দীর্ঘস্থায়ী হতে দেওয়া হবে না। বৈশ্বিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া এই সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ