আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন দুই দেশের কর্মকর্তারা।
বুধবার (২ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ায় অবস্থিত আফগান দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক পরিচালক শোয়াইব বারিয়ালাই এবং জাকার্তায় নিযুক্ত ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সাদউল্লাহ বালোচ ইন্দোনেশিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক চুক্তিবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মুফতি হামকা রাজোর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা জোরদার, যৌথ বাণিজ্য প্রদর্শনীর আয়োজন এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে বিদ্যমান সুযোগগুলো কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
এ সময় আফগান পক্ষ দেশটিতে বিনিয়োগ ও বাণিজ্যের বিভিন্ন সুযোগ তুলে ধরে। তারা জানায়, উন্নত নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার কারণে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য আফগানিস্তানে আরও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
সূত্র: আরিয়ানা নিউজ











