spot_img

তারেক রহমান সম্পর্কে আ. লীগ খারাপ কথা বলবে, এটা স্বাভাবিক: আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, তারেক রহমান সম্পর্কে তারা (আওয়ামী লীগ) খারাপ কথা বলবে, এটা স্বাভাবিক। অন্য কারো সম্পর্কে তো বলে না। কারণ অন্যগুলো হলো ন্যাড়া গাছ। কাজেই আওয়ামী লীগ তাদের সম্পর্কে বলবে কেন? যে গাছ ফল দেয় বেশি, সেই গাছে ঢিল ছোড়ে বেশি।

মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশে আলাল বলেন, বিএনপির সঙ্গে যতই তুলনা করেন, বিএনপি হচ্ছে সুগন্ধযুক্ত ফুল। যে ফুলের ঘ্রাণ নিতে হলে নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিতে হয়। আর বর্তমান সরকার হচ্ছে রাস্তার ডাস্টবিন। নাকের কাছে আনা লাগে না। কাছে যাওয়া লাগে না। অনেক দূর থেকে গন্ধ এসে চোখ মুখ বিকৃত করে দেয়, শ্বাস বন্ধ করে দেয়।

তিনি বলেন, শ্রমিক কল্যাণ তহবিলে কত টাকা আছে? কেন সেখান থেকে তাঁতীদের সহায়তা করা হয় না? কেন গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বাকি আছে? করোনাকালে সাংবাদিকসহ যাদের চাকরি হারিয়েছে, কেন তাদের সহায়তা করা হয় না? সেখান থেকে টাকা দেওয়া হয় না এ কারণে যে, যদি দেওয়া হয় তাহলে শাসকদলের ভাগ কমে যাবে।

বিএনপির এ নেতা বলেন, তাঁতি হন আর যে ই হন, নতুন করে আরেকটি ধান্দা কিন্তু মাঠে নেমেছে। আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি তেলের দাম বেড়েছে। কয়েকদিন আলাপ করে এটার দাম বাড়াবে। আমাদের প্রশ্ন হচ্ছে, দাম বাড়াবেন ভালো কথা, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে প্রতি ব্যারেল জ্বালানির দাম যখন ২৫ ডলারে নেমে এসেছিল, তখন কমাননি কেন? এখন কোনো কিছুর দাম বাড়াবেন না। চাঁদাবাজি করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ