অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।
শনিবার (২ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত যুব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে আমাদের সরকার এক কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে। পার্ট টাইম ট্রাফিকের দায়িত্ব পালন করতে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে নিয়োগ দেবে সরকার। সরকারের সব কাজের জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।
তিনি বলেণ, উদ্যোক্তা তৈরি হতে যুব উন্নয়ন অধিদফতর ঋণ দেবে। সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে নানা পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রদত্ত প্রশিক্ষণগুলো আধুনিকায়ন করে যুগোপযোগী করা হবে। এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) উপর ট্রেনিং প্রজেক্ট চালু করা হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম প্রমুখ।
সূত্র: বাসস









