মেধাবী শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষার উপর বিশেষভাবে গুরুত্বদানের জন্য আহ্বান করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, কেউ কেউ আছেন বড় কর্মকর্তা হয়ে বাবা-মায়ের খোঁজ খবরও রাখেন না। অথচ তাদেরকে লেখাপড়া শিখিয়ে যারা বড় কর্মকর্তা হিসেবে গড়ে তুললেন, তাদের সকল দায়দায়িত্ব সন্তানদেরই নেয়া উচিত, যেটার ব্যত্যয় দেখা যাচ্ছে সমাজে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকা সাব এডিটরস কাউন্সিল আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, সরকারকে টেনেহিঁচড়ে নামাতে গিয়ে বিএনপি নিজেই দঁড়ি ছিড়ে পড়ে গেছে। সাড়ে ১২ বছর আগে থেকে তারা আমাদের টেনেহিঁচড়ে নামাতে চাচ্ছে। এখন আমাদের টেনেহিঁচড়ে নামাতে গিয়ে রশি ছিঁড়ে তারাই পড়ে গেছে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানাবো, আমাদের আর টানার চেষ্টা করবেন না। আর টান দিলে আপনারা আরও পড়ে যাবেন।










