তুরস্ক ভবিষ্যতেও সৌদি আরবের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। একইসঙ্গে সৌদি আরব সাম্প্রতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন এরদোগান। এ সময় তারা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং সৌদি আরবকে লক্ষ্য করে চালানো হামলা নিয়ে আলোচনা করেন।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যালে জানায়, ফোনালাপে সৌদি ভূখণ্ডকে লক্ষ্য করে হুথিদের হামলার তীব্র নিন্দা জানান এরদোগান। একইসঙ্গে প্রাণহানির ঘটনায় দুঃখ ও সমবেদনা জানান তিনি।
এরদোগান বলেন, তুরস্ক ভবিষ্যতেও সৌদি আরবের পাশে থাকবে। একইসঙ্গে সৌদি আরব এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
সূত্র : আনাদোলু এজেন্সি











