ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা সমাজে বহুল প্রচলিত। সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি এই চিকিৎসা ব্যবস্থার সুফল ভোগ করছে। তবে এই চিকিৎসা ব্যবস্থা প্রশিক্ষিত ডাক্তারদের মাধ্যমে চালু থাকতে হবে যাতে মানুষ ভুল চিকিৎসায় কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী অডিটোরিয়ামে মোতাহার হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল কলেজ ও হাসপাতালের ১ম ও ২য় ব্যাচের চিকিৎসক নিবন্ধন, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
শামসুল হক টুকু বলেন, সংবিধানের মাধ্যমে বঙ্গবন্ধু মদ ও জুয়া নিষিদ্ধ করে গিয়েছেন। সুস্থ্য মানবসম্পদ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিকসহ সকল পর্যায়ে জনগণের জন্য স্বাস্থ্য-সেবা প্রাপ্তির সুযোগ তৈরি করে দিয়েছেন। প্রতিটি গ্রামে ডিগ্রিধারী ও প্রশিক্ষিত হোমিওপ্যাথিক ডাক্তার থাকলে সাধারণ মানুষের চিকিৎসার সুযোগ আরও সহজতর হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার লক্ষ্যে স্বাস্থ্য-সেবাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে সংবিধানে অন্তর্ভুক্ত করে গিয়েছেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিয়ে এসেছেন আমূল পরিবর্তন, গ্রামে গঞ্জে তৈরি করে দিয়েছেন কমিউনিটি ক্লিনিক। সাধারণ জনগণের স্বাস্থ্য-সেবা নিশ্চিত করতে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিকের মত বহুকাল ধরে চলে আসা চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে।











