রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, ইউক্রেন ইস্যুতে তার দেশকে আমেরিকা ইচ্ছা করে যুদ্ধে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
মস্কোয় এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন এই অভিযোগ করেন।
তিনি বলেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আমেরিকা যুদ্ধের এই প্রেক্ষাপটকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চায়।
তিনি আরও বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে ইউক্রেনকে সদস্য করা হলে সেটি হবে বিশ্বশান্তির জন্য বিরাজমান বাস্তবভিত্তিক হুমকি। ন্যাটো জোটে যোগ দিয়ে ইউক্রেন পশ্চিমা অস্ত্র হাতে পেতে চায় এবং তা দিয়ে ক্রিমিয়া অঞ্চল দখল করার জন্য রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।
পুতিন বলেন, আপনারা কল্পনা করুন ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য করা হলো এবং তারা ক্রিমিয়া পুনর্দখলের জন্য সামরিক অভিযান শুরু করল। তখন কি রাশিয়াকে ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না?
পুতিন আরও বলেন, আসলে ইউক্রেন হচ্ছে তাদের লক্ষ্য অর্জনের একটি উছিলা মাত্র। এই লক্ষ্য তারা ভিন্নভাবেও হাসিল করতে পারে। তারা রাশিয়াকে যুদ্ধে জড়িয়ে দিয়ে ইউরোপের দেশগুলোকে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে বাধ্য করবে যা নিয়ে আজকে তারা ওয়াশিংটনে আলোচনা করছে।
সূত্র: পার্সটুডে












