spot_img

দুর্নীতি করতেই সরকার পাতাল রেল করছে : বুলু

দুর্নীতি করতেই সরকার পাতাল মেট্রো রেল প্রকল্প করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, দেশে চারিদিকে সংকট। আমদানি হচ্ছে ডলারের সংকট। এই সংকটের মধ্যে আপনি (প্রধানমন্ত্রী) ২০ কিলোমিটার পাতাল রেলের জন্য ৫২ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন। লুটপাটের জন্য এই প্রকল্প আপনারা করেছেন। ৫২ হাজার কোটি টাকার পাতাল রেলে রাষ্ট্রে কি উপকার হবে? এই ৫২ হাজার কোটি টাকা কৃষকদের মাঝে দিয়ে দেন, এই ৫২ হাজার কোটি টাকার শ্রমিকদের মাঝে দিয়ে দেন, এই ৫২ হাজার কোটি টাকা দিয়ে মিল-কারখানা করেন। লক্ষ, লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আপনারা সেটা করবেন না। কারণ এটা করলে আপনাদের লুটপাট হবে না।

বরকত উল্লাহ বুলু অভিযোগ করে বলেন, দেশ থেকে আপনারা ১৪ লক্ষ কোটি টাকা কানাডা, দুবাই, আমেরিকায় পাচার করেছেন। একজন এমপি আপনার(প্রধানমন্ত্রী) বিশেষ সহকারি কী গোলাপ নাকী তার নাম। উনি চার বছরে আমেরিকাতে ১৭টি বাড়ির মালিক হয়ে গেলেন। মনে হয় যেন আলাউদ্দিনের চেরাগ তাদের হাতে আছে।

তিনি বলেন, এভাবে কুইক রেন্টাল, রেন্টাল বিদ্যুত প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকা লুন্ঠন করে আওয়ামী পরিবারের লোকেরান আজকে বিশ্ব ধনীদের খাতায় নাম লিখিয়েছেন বিদেশে। বিদ্যুতের লুন্ঠন হয়েছে। পৃথিবীর কোনো দেশে নাই যে, প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে না। সরকার সংসদ এজন্য ইনডেমনিটি বিল পাস করিয়েছে। আপনারা লক্ষ লক্ষ টাকার চুরি করতে পারবেন আর এই চুরির বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ দায়ের করতে পারবে না।

এই অবস্থা থেকে উত্তরণে আন্দোলনে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নাই উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনেই এই সরকারকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ