আফগান মেডিকেল শিক্ষায় যুক্ত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নববী চিকিৎসা ব্যবস্থা।
সোমবার (২ জানুয়ারি) কাবুল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবিষয়ক অনুষদ চালুর অনুমোদন দেয় দেশটির ইমারাতে ইসলামিয়ার সরকার।
আফগান উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আমিরুল মুমিনীন শায়েখ হেবাতুল্লাহ আখুন্দজাদা ঐতিহ্যবাহী নববী চিকিৎসা ব্যবস্থা বিষয়ক অনুষদ চালুর অনুমোদন দিয়েছেন।
এছাড়াও জানানো হয় যে, কাবুল মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটিতে অনুষদটি চালু করা হবে। এর একাডেমিক ও প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠারও অনুমোদন দেওয়া হয়েছে।
বিবৃতি অনুসারে, মেডিকেল শিক্ষায় অন্তর্ভুক্ত হতে যাওয়া নতুন অনুষদটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্যবাহী চিকিৎসাবিদ্যা সংশ্লিষ্ট বৈজ্ঞানিক, শিক্ষাগত ও গবেষণামূলক চাহিদা পূরণে কাজ করবে।
দশকের পর দশক ব্যাপকভাবে এই চিকিৎসা ব্যবস্থার প্রচলন থাকলেও একীভূত প্রশিক্ষণ, তদারকি ও গবেষণা ব্যবস্থার অনুপস্থিতির ফলে এটি সরকারি স্বীকৃতি, আনুষ্ঠানিক শিক্ষা ও প্রশাসনিক কাঠামোর অভাব বোধ করছিলো।
সংবাদমাধ্যমের তথ্যমতে, দেশটির ক্ষমতায় আসা ইমারাতে ইসলামিয়ার সরকার আগ থেকে বলে আসছিলো যে, তারা ঐতিহ্যবাহী নববী চিকিৎসা ব্যবস্থাকে সংগঠিত এবং মানসম্মত করার চেষ্টা করছে। ভারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি আন্তর্জাতিক বৈঠকেও তারা এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলাপ তুলে এবং এর আনুষ্ঠানিক রূপ প্রদানে নিজেদের প্রচেষ্টার কথা জানায়।
তারা বলেছিলো, ইমারাতে ইসলামিয়া সরকারের লক্ষ্য হলো, আফগানিস্তানজুড়ে বহুল প্রচলিত ঐতিহ্যবাহী নববী চিকিৎসা পদ্ধতিকে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবে একীভূত করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসা ও শিক্ষার মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা।
সূত্র: কাবুল ট্রিবিউন, আমু টিভি











