সম্প্রতি দেশজুড়ে চলা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে অন্তত ১৩৯ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই বিদেশিরা কোন দেশের নাগরিক, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির বলেন, মার্কিন উসকানি ও সমর্থনে যারা ভূমিকা রেখেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইরানের ইয়াজদ প্রদেশ মরু অঞ্চলে অবস্থিত। ওই প্রদেশের জনসংখ্যা অন্যান্য অঞ্চলের তুলনায় কম। ইয়াজদে ১০ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে।
ইয়াজদের পুলিশ প্রধান আহমাদ নেগাহবান বলেছেন, ‘‘এই (বিদেশি) ব্যক্তিরা দাঙ্গামূলক কর্মকাণ্ড সংগঠিত করা, উসকানি দেওয়া ও পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখেছেন। কিছু ক্ষেত্রে তারা বিদেশে থাকা নেটওয়ার্কের সঙ্গেও যোগাযোগ করেছেন।’’
ইরানের বিচারিক কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, অস্থিরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইরানি গণমাধ্যম বলেছে, গত মাসের বিক্ষোভ-সহিংসতার ঘটনায় তেহরানে চারজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির সরকার বলেছে, সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, নিহতের সংখ্যা আরও অনেক বেশি।
সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতা উসকে দেওয়ার জন্য ইসরাইল ও আমেরিকাকে দায়ী করছে ইরান।
সূত্র: এএফপি











