spot_img
spot_img

হুথি হামলায় সৌদির বিমানঘাঁটিতে থাকা ইতালির এফ-২০০০ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের তায়েফে অবস্থিত কিং ফাহাদ বিমানঘাঁটিতে ইরান সমর্থিত হুথি বাহিনীর হামলায় ইতালির একটি এফ-২০০০ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো যুদ্ধবিমানটি আঘাতপ্রাপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকা ও সামরিক বিমানবিষয়ক সংবাদমাধ্যম দ্য এভিয়েশনিস্ট হামলাটিকে হুথি বাহিনীর হামলা হিসেবে উল্লেখ করেছে। তবে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রতিরক্ষামন্ত্রী জানান, হামলার সময় যুদ্ধবিমানটি ঘাঁটির একটি দূরবর্তী অংশে অবস্থান করছিল। সেখানে মোতায়েন ইতালীয় সামরিক সদস্যদের কেউ হতাহত হননি। তাঁদের ব্যবহৃত অন্য কোনো সামরিক সরঞ্জাম বা অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়নি।

হামলার পর ইতালির সামরিক নেতৃত্বকে পরিস্থিতি, সেনাদের নিরাপত্তা ও সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে নতুন মূল্যায়ন দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রোসেত্তো।

দ্য এভিয়েশনিস্ট জানিয়েছে, উপসাগরীয় মিত্রদেশগুলোর আকাশ প্রতিরক্ষায় সহায়তা দিতে গত মার্চ থেকে সৌদি আরবে চারটি ইউরোফাইটার যুদ্ধবিমান মোতায়েন রেখেছে ইতালি। সেগুলোর একটি সর্বশেষ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে যুদ্ধবিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে কি না, ক্ষয়ক্ষতির মাত্রা কতটুকু এবং কী ধরনের অস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র : ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়, লা রিপাবলিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ